বই পড়া আমাদের মনের অন্ধকার দূর করে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে। আসাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য আজকের এই পর্বে Class 5 Bengali Chapter 6 অরুণোদয় প্রশ্ন উত্তর গুলো দিয়ে দিবো। এই পাঠটি মূলত দুই বান্ধবীর চিঠির আদান-প্রদান নিয়ে লেখা হয়েছে।
পাঠ ৬ অরুণোদয় পাঠের সারমর্ম
এই পাঠটি হলো কালিগঞ্জের মেয়ে মুক্তার লেখা একটি সুন্দর চিঠি। এটি গুয়াহাটিতে থাকা তার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষাকে লিখেছে। চিঠিতে মুক্তা তার বান্ধবীকে একটি দারুণ সুখবর দিয়েছে। তাদের গ্রামের যুব সংগঠন 'নেতাজি সংঘের' উদ্যোগে এবং গ্রামবাসীদের সাহায্যে গ্রামে 'অরুণোদয়' নামে একটি নতুন গ্রন্থাগার তৈরি হয়েছে। গ্রামেরই বইপ্রেমী নীলকণ্ঠ দাদাকে এই গ্রন্থাগারের গ্রন্থাগারিক বা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।
গ্রামের বিভিন্ন মানুষ জমি, আলমারি এবং অনেক বই দান করে এই গ্রন্থাগারটি গড়ে তুলেছেন। সেখানে ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের লেখা অনেক মজার বই রাখা হয়েছে।
মুক্তা নিজেও সেই গ্রন্থাগারের সদস্য হয়েছে এবং 'ছোটোদের বিজ্ঞানকোষ' বইটির প্রথম খণ্ড পড়ে অনেক নতুন বিষয় জানতে পেরেছে। সবশেষে বান্ধবীকেও বই পড়ার উৎসাহ দিয়ে এবং তাদের গ্রামে আসন্ন গ্রন্থমেলার খবর জানিয়ে মুক্তা চিঠিটি শেষ করেছে।
অনুশীলনীর পাঠ ৬ অরুণোদয় প্রশ্ন উত্তর (সম্পূর্ণ সমাধান)
ক - পাঠভিত্তিক (উত্তর দাও)
প্রশ্ন (ক) পাঠটিতে কে কাকে চিঠি লিখেছে? উত্তর: পাঠটিতে মুক্তা তার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষাকে চিঠি লিখেছে।
প্রশ্ন (খ) চিঠিটিতে 'সুখবর' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: চিঠিটিতে 'সুখবর' বলতে মুক্তাদের গ্রামের সবাই মিলে 'অরুণোদয়' নামের একটি নতুন গ্রন্থাগার বা পাঠাগার তৈরি করার কথা বোঝানো হয়েছে।
প্রশ্ন (গ) গ্রামের গ্রন্থাগারটির নাম কী রাখা হয়েছে? উত্তর: গ্রামের গ্রন্থাগারটির নাম রাখা হয়েছে 'অরুণোদয়'।
প্রশ্ন (ঘ) গ্রন্থাগারটি কাদের উদ্যোগে গড়ে উঠেছে? উত্তর: গ্রন্থাগারটি গ্রামের যুব সংগঠন 'নেতাজি সংঘের' সদস্য-সদস্যাদের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় গড়ে উঠেছে।
প্রশ্ন (ঙ) 'বইয়ের পোকা' বলতে কী বোঝ? উত্তর: যারা বই পড়তে খুব ভালোবাসে এবং দিন-রাত বইয়ের মধ্যেই ডুবে থাকে। তাদেরকে 'বইয়ের পোকা' বলা হয়।
প্রশ্ন (চ) গ্রন্থাগারিকের নাম কী? তাঁকে কেন গ্রন্থাগারিক করা হয়েছে? উত্তর: গ্রন্থাগারিকের নাম হলো নীলকণ্ঠ দাদা। তিনি বই পড়তে খুব ভালোবাসেন। এছাড়াও গ্রন্থাগারে বই-পত্রগুলো কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তা ভালো জানেন। তাই তাঁকে গ্রন্থাগারিক করা হয়েছে।
প্রশ্ন (ছ) গ্রন্থাগারটিতে ছোটোদের উপযোগী কী কী বই আছে? উত্তর: গ্রন্থাগারটিতে ছোটোদের উপযোগী বেশ কিছু সুন্দর বই আছে। যেমন:
- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'মুকুট' ও 'শারদোৎসব' নাটক।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রামের সুমতি'।
- কাজী নজরুল ইসলামের 'পুতুলের বিয়ে'।
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'টুনটুনির বই'।
- সুকুমার রায়ের 'পাগলা দাশু' এবং সত্যজিৎ রায়ের 'জয় বাবা ফেলুনাথ'।
- এছাড়া সাত খণ্ডের 'ছোটোদের বিজ্ঞানকোষ' বইটিও সেখানে রয়েছে।
প্রশ্ন (জ) 'গ্রন্থমেলা' কী? উত্তর: যেখানে অনেক প্রকাশক ও বই বিক্রেতা এক জায়গায় জড়ো হয়ে বিভিন্ন ধরনের বই সাজিয়ে মেলা বসানো হয়। তাকে 'গ্রন্থমেলা' বা বইমেলা বলা হয়। এখানে মানুষ ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনতে পারে।
প্রশ্ন (ঝ) বই পড়লে কী হয়? উত্তর: বই পড়লে আমাদের মনের অজ্ঞানতা ও অন্ধবিশ্বাস দূর হয়। এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান লাভ করতে পারি এবং অজানা অনেক কথা জানতে পারি।
২. বন্ধু-বান্ধবীকে নিজেদের অঞ্চলের খবরা-খবর জানিয়ে চিঠি
প্রশ্ন: এই পাঠে এক বান্ধবী আরেক বান্ধবীকে নিজের খবরা-খবর জানিয়ে চিঠি লিখেছে। তোমরাও তোমাদের বন্ধু-বান্ধবীকে নিজেদের অঞ্চলের খবরা-খবর জানিয়ে এক-একটি চিঠি লেখো। উত্তর:
শিলচর, কাছাড়
তারিখ: ১০/০৫/২০২৬
প্রিয় বন্ধু রোহন,
আমার ভালোবাসা নিও। অনেকদিন পর আজ তোমাকে চিঠি লিখতে বসলাম। তোমার মা-বাবা কেমন আছেন? তাঁদেরকে আমার প্রণাম জানাবে।
আজ তোমাকে আমাদের পাড়ার একটি আনন্দের খবর দেব। গত সপ্তাহে আমাদের অঞ্চলে একটি নতুন শিশু উদ্যান (পার্ক) তৈরি হয়েছে। আমাদের পাড়ার বড় দাদারা মিলে জায়গাটি পরিষ্কার করে অনেক ফুলের গাছ লাগিয়েছেন। সেখানে আমাদের খেলার জন্য দোলনা এবং স্লিপার বসানো হয়েছে। এখন প্রতিদিন বিকেলে আমরা সব বন্ধুরা মিলে সেখানে খেলতে যাই। সামনের গরমের ছুটিতে তুমি আমাদের বাড়িতে অবশ্যই আসবে।
ভালো থেকো এবং চিঠির উত্তর দিও।
ইতি
তোমার বন্ধু
রাহুল
প্রতি,
রোহন দাস
প্রযত্নে: শ্রীযুক্ত তপন দাস
ডাকঘর: করিমগঞ্জ, জেলা: করিমগঞ্জ
৩. প্রসঙ্গসহ ব্যাখ্যা ও বিস্তারিত প্রশ্ন উত্তর
প্রশ্ন: "'এই অরুণোদয়' আমাদের মনের আকাশকে নতুনভাবে আলোকিত করে তুলবে বলে আশা করছি" - এই বাক্যটি কে, কাকে, কোন প্রসঙ্গে বলেছে? উত্তর:
- কে, কাকে বলেছে: এই বাক্যটি মুক্তা তার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষাকে চিঠির মাধ্যমে বলেছে।
- কোন প্রসঙ্গে বলেছে: মুক্তাদের গ্রামে 'অরুণোদয়' নামে একটি নতুন গ্রন্থাগার তৈরি হয়েছে। সেই গ্রন্থাগারে অনেক প্রয়োজনীয় বই থাকবে। গ্রামের মানুষ ও ছোটরা সেই বইগুলো পড়ে নতুন নতুন জ্ঞান লাভ করতে পারবে এবং তাদের মনের অন্ধকার দূর হবে। এই প্রসঙ্গেই মুক্তা কথাটি বলেছে।
প্রশ্ন: গ্রামের গ্রন্থাগারটি বিভিন্নজনের দানে কীভাবে গড়ে উঠেছে, তা আলোচনা করো। উত্তর: গ্রামের যুব সংগঠন 'নেতাজি সংঘের' উদ্যোগ দেখে গ্রামের সাধারণ মানুষ বিভিন্নভাবে দান করে গ্রন্থাগারটি গড়ে তুলেছেন :
- গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক মন্ডল কাকু গ্রন্থাগার তৈরির জন্য জমির ব্যবস্থা করে দিয়েছেন।
- গ্রামের হানিফ চাচা বই রাখার জন্য দুটো আলমারি দান করেছেন।
- 'মহিলা সমবায় সংঘের' সভানেত্রী হরিদাসী মাসি নিজে কুড়িটা বই কিনে দিয়েছেন।
- প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দ্রুপদ রাজবংশী তাঁর নিজের দশটা মূল্যবান বই গ্রন্থাগারে দিয়েছেন।
প্রশ্ন: তোমরাও বিভিন্ন উপায়ে এক জায়গার খবর অন্য জায়গায় জানাতে পার। এধরনের কয়েকটি উপায় বা মাধ্যমের নাম বলো। উত্তর: এক জায়গার খবর অন্য জায়গায় জানানোর কয়েকটি প্রধান উপায় বা মাধ্যম হলো— চিঠিপত্র, মোবাইল ফোন, সংবাদপত্র বা খবরের কাগজ, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেট ।
খ - ভাষা-অধ্যয়ন (ব্যবহারিক ব্যাকরণ)
প্রশ্ন: নীচের থেকে উপযুক্ত শব্দ নিয়ে প্রতিশব্দের তালিকাটি পূর্ণ করো। উত্তর:
| মূল শব্দ | উপযুক্ত প্রতিশব্দ (সমার্থক শব্দ) |
|---|---|
| (ক) গ্রন্থ | পুস্তক, বই |
| (খ) গ্রন্থাগার | পাঠাগার |
| (গ) লেখক | গ্রন্থকার, রচয়িতা, প্রণেতা |
| (ঘ) পাঠক | পাঠকর্তা, পড়ুয়া, অধ্যয়নকারী |
প্রশ্ন: এসো, যুক্তবর্ণ গঠন করি ও পড়ি। উত্তর:
| যুক্তবর্ণ ভাঙানো | যুক্তবর্ণ দিয়ে শব্দ |
|---|---|
| (ক) জ + ঞ = জ্ঞ | বিজ্ঞান, অজ্ঞান, আজ্ঞা |
| (খ) দ + র + উ = দ্রু | শতদ্রু, দ্রুত |
প্রশ্ন: দলগত আলোচনা করে সংক্ষেপে টীকা লেখো: (ক) গ্রন্থাগার (খ) গ্রন্থমেলা উত্তর (ক) গ্রন্থাগার:
- বিভিন্ন ধরনের বই-পত্র এবং পত্র-পত্রিকা পড়ার জন্য যে নির্দিষ্ট ঘর থাকে, তাকে গ্রন্থাগার বলে।
- এখানে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, জীবনী ও সাধারণ জ্ঞানের বই খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানো থাকে।
- গ্রন্থাগার দেখাশোনা এবং বই আদান-প্রদানের জন্য একজন গ্রন্থাগারিক থাকেন।
- সদস্যরা গ্রন্থাগারে বসে বই পড়তে পারেন। আবার বাড়িতেও বই নিয়ে গিয়ে পড়ার সুবিধা পান।
উত্তর (খ) গ্রন্থমেলা:
- গ্রন্থমেলা হলো এমন একটি মেলা, যেখানে কেবল নানা ধরনের বই কেনা-বেচা এবং প্রদর্শন করা হয়।
- এই মেলা বছরের একটি নির্দিষ্ট সময়ে কয়েক দিনের জন্য খোলা জায়গায় বা ময়দানে আয়োজন করা হয়।
- এখানে বিভিন্ন লেখক ও প্রকাশকের নতুন-পুরোনো হাজার হাজার বই একসাথে পাওয়া যায়।
- ছোট-বড় সবাই গ্রন্থমেলায় ঘুরে ঘুরে নিজেদের পছন্দের প্রয়োজনীয় বই কেনেন।
প্রশ্ন: পাঠ থেকে একবচন বা বহুবচন সূচক শব্দগুলো খুঁজে বের করে সেগুলোর বহুবচন বা একবচন রূপ লেখো। উত্তর:
| একবচন | বহুবচন |
|---|---|
| (ক) আমার | আমাদের |
| (খ) বই | বইগুলো |
| (গ) আমি | আমরা |
| (ঘ) তাকে | তাদেরকে |
| (ঙ) খণ্ড | খণ্ডগুলো |
| (চ) আলমারি | আলমারিগুলো |
প্রশ্ন: নীচের বাক্যগুলোয় নিম্নরেখ পদগুলোতে ব্যবহৃত মূল শব্দ ও বিভক্তিগুলোকে আলাদা করে দেখাও। উত্তর:
| বাক্য ও নিম্নরেখ পদ | মূল শব্দ ও বিভক্তি |
|---|---|
| (ক) আজ মাকে একটা সুখবর দেব। | মা (মূল শব্দ) + কে (বিভক্তি ) |
| (খ) দুটো বইয়ের আলমারি দিয়েছেন হানিফ চাচা। | বই (মূল শব্দ) + এর (বিভক্তি) |
| (গ) এবার আমাদের গ্রামেও গ্রন্থমেলা হবে। | গ্রাম (মূল শব্দ) + এ (বিভক্তি) |
| (ঘ) তুমি কি এবার গ্রন্থমেলাতে গিয়েছিলে? | গ্রন্থমেলা (মূল শব্দ) + তে ( বিভক্তি) |
প্রশ্ন: নীচের বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করো। উত্তর:
| প্রদত্ত বাক্য | প্রশ্নবোধক বাক্য |
|---|---|
| (ক) বিদ্যালয়ে সোনিয়ার উপস্থিতি নিয়মিত। | বিদ্যালয়ে সোনিয়ার উপস্থিতি কি নিয়মিত? |
| (খ) সুনীল পড়তে ভালোবাসে। | সুনীল কি পড়তে ভালোবাসে? |
| (গ) রাজা এবার গরমের বন্ধে সিমলা যাবে। | রাজা কি এবার গরমের বন্ধে সিমলা যাবে? |
| (ঘ) রবিবার বিকেলে সবাই খেলতে আসবে। | রবিবার বিকেলে কি সবাই খেলতে আসবে? |
প্রশ্ন: বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর:
| মূল শব্দ | বিপরীতার্থক শব্দ |
|---|---|
| (ক) সুখবর | দুঃসংবাদ / খারাপ খবর |
| (খ) গ্রাম | শহর / নগর |
| (গ) জ্ঞান | অজ্ঞান |
| (ঘ) নতুন | পুরোনো |
| (ঙ) উপযোগী | অনুপযোগী |
| (চ) আশা | নিরাশা / হতাশা |
প্রশ্ন: নীচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। উত্তর:
| প্রদত্ত শব্দ | বাক্য রচনা |
|---|---|
| (ক) বিশ্ববিদ্যালয় | নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। |
| (খ) উপযোগী | আমাদের গ্রন্থাগারে ছোটোদের উপযোগী অনেক গল্পের বই আছে। |
| (গ) বই | বই পড়লে আমাদের মনের জ্ঞান বাড়ে। |
| (ঘ) গ্রন্থমেলা | এবার শীতকালে আমাদের গ্রামে একটি বড় গ্রন্থমেলা হবে। |
| (ঙ) গ্রন্থাগারিক | আমাদের গ্রামের নীলকণ্ঠ দাদাকে নতুন পাঠাগারের গ্রন্থাগারিক করা হয়েছে। |
গ - জ্ঞান-সম্প্রসারণ
প্রশ্ন: গ্রন্থমেলা এবং গ্রন্থাগারের পার্থক্য লেখো। উত্তর:
| গ্রন্থমেলা | গ্রন্থাগার |
|---|---|
| ১. গ্রন্থমেলা বছরের একটি নির্দিষ্ট সময়ে কয়েক দিনের জন্য বসে। | ১. গ্রন্থাগার হলো বই পড়ার একটি স্থায়ী ঘর। এটি সারা বছর খোলা থাকে। |
| ২. গ্রন্থমেলায় মানুষ টাকা দিয়ে নিজেদের পছন্দের বই কেনে। | ২. গ্রন্থাগারে বসে বিনামূল্যে বই পড়া যায়। সদস্যরা বাড়িতেও বই নিয়ে যেতে পারে। |
| ৩. এখানে অনেক বই বিক্রেতা ও প্রকাশক আলাদা আলাদা দোকান বা স্টল দেয়। | ৩. এখানে একজন নির্দিষ্ট গ্রন্থাগারিক সব বই সাজিয়ে রাখেন ও দেখাশোনা করেন। |
প্রশ্ন: তোমাদের নিজেদের বিদ্যালয় বা কোনো সংস্থা-সংগঠনের গ্রন্থাগার সম্বন্ধে যা জান লেখো। উত্তর:
- আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর ও বড় গ্রন্থাগার আছে।
- সেখানে আলমারির ভেতর গল্প, কবিতা, সাধারণ জ্ঞান এবং মনীষীদের জীবনীর অনেক বই সাজানো রয়েছে। আমাদের একজন শিক্ষক গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন।
- প্রতি সপ্তাহে আমাদেরকে গ্রন্থাগার থেকে একটি করে বই বাড়িতে নিয়ে পড়ার জন্য দেওয়া হয়।
- আমরা টিফিনের ফাঁকে বা অবসর সময়ে সেখানে বসে নিঃশব্দে বিভিন্ন শিশু-পত্রিকা ও বই পড়ি।
প্রশ্ন: নীচে ছোটোদের কয়েকটি জনপ্রিয় চরিত্র এবং তাঁদের স্রষ্টাদের নাম দেওয়া আছে, দাগ টেনে মিলাও। উত্তর:
| স্রষ্টার নাম (লেখক) | জনপ্রিয় চরিত্র |
|---|---|
| (ক) প্রেমেন্দ্র মিত্র | ঘনাদা |
| (খ) সত্যজিৎ রায় | ফেলুদা |
| (গ) নারায়ণ গঙ্গোপাধ্যায় | টেনিদা |
| (ঘ) নারায়ণ দেবনাথ | বাঁটুল দি গ্রেট |
প্রশ্ন: প্রকল্প - দলে আলোচনা করে একটি অ্যালবাম তৈরি করো। উত্তর: তোমাদের খাতায় অ্যালবাম তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য নিচে সাজিয়ে দেওয়া হলো:
(ক) শিশু-পত্রিকার পরিচয়:
- পত্রিকার নাম: সন্দেশ।
- প্রথম সম্পাদকের নাম: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
- পছন্দের বিভাগ: মজার গল্প ও ধাঁধার আসর।
(খ) ৫ জন শিশু-সাহিত্যিক ও তাঁদের বইয়ের পরিচয়:
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী: বইয়ের নাম - 'টুনটুনির বই'।
- সুকুমার রায়: বইয়ের নাম - 'পাগলা দাশু'।
- সত্যজিৎ রায়: বইয়ের নাম - 'জয় বাবা ফেলুনাথ'।
- রবীন্দ্রনাথ ঠাকুর: বইয়ের নাম - 'সহজ পাঠ'।
- কাজী নজরুল ইসলাম: বইয়ের নাম - 'পুতুলের বিয়ে'।
(গ) ৩টি সংবাদপত্র ও তার শিশুবিভাগের পরিচয়:
- সংবাদপত্রের নাম: দৈনিক যুগশঙ্খ ও আনন্দবাজার পত্রিকা।
- শিশুবিভাগের নাম: ছোটদের পাতা / আনন্দমেলা।
- কী কী বিষয় থাকে: ছড়া, ছোটগল্প, সাধারণ জ্ঞান, কুইজ এবং ছোটদের আঁকা ছবি।
কিছু অতিরিক্ত প্রশ্ন:
প্রশ্ন ১: নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটির নাম কী ছিল এবং সেটি কয় তলা ছিল? উত্তর: প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটির নাম ছিল 'রত্নোদধি' । সেটি নয়-তলা বিশিষ্ট ছিল।
প্রশ্ন ২: চিন দেশের কোন পরিব্রাজক নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন? উত্তর: চিন দেশের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং বৌদ্ধশাস্ত্র পড়ার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।
প্রশ্ন ৩: ভ্রাম্যমাণ গ্রন্থাগার কাকে বলে? উত্তর: গাড়ির মধ্যে বই সাজিয়ে যে গ্রন্থাগার তৈরি করা হয়। যা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে পাঠকদের বই যোগায়, তাকে ভ্রাম্যমাণ গ্রন্থাগার বলে।
তোমাদের জন্য আরও কিছু পাঠ:
আগের পাঠ: পাঠ ৫ মহৎ লোকের মহৎ কথা প্রশ্নোত্তর
পরের পাঠ: পাঠ ৭ নীল পাহাড়ের দেশে প্রশ্নোত্তর
আমরা গ্রন্থাগারের গুরুত্ব এবং বই পড়ার আনন্দ সম্পর্কে জানলাম। পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য পঞ্চম শ্রেণি বাংলা পাঠ ৬ অরুণোদয় প্রশ্ন উত্তর গুলো আরো মন দিয়ে পড়বে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন