দৈনন্দিন জীবনে কোনো সমস্যার মুখোমুখি হলে অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে তার সমাধান খোঁজাই হলো বৈজ্ঞানিক মানসিকতা। লুই পাস্তুর পাঠটির মধ্যে আমরা বিশ্ববিখ্যাত ফরাসি বিজ্ঞানীর অসাধারণ আবিষ্কারের কাহিনি শুনবো।
লুই পাস্তুর পাঠের সারমর্ম ,অধ্যায় ৭ বিজ্ঞান মনস্কতা পাঠ ২
১৮৮৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের ডোলে নামের একটি গ্রামে নয় বছর বয়সি জোসেফকে রাস্তায় একটি পাগল কুকুর কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত করে। কুকুরের কামড়ে মারাত্মক জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা থাকায় জোসেফের মা-বাবা ভীষণ ভেঙে পড়েন।
সেই সময়ে, এই রোগের কোনো সঠিক চিকিৎসা ছিল না । সাধারণ মানুষ এটিকে ঈশ্বরের অভিশাপ বলে মনে করত। আগেকার দিনে কুকুর কামড়ালে ক্ষতস্থানে গরম লোহা ছ্যাঁকা দেওয়া হতো, যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক।
ছোটোবেলায় মানুষের সেই কষ্ট দেখে লুই পাস্তুর প্রতিজ্ঞা করেছিলেন যে বড়ো হয়ে তিনি এই রোগের একটি সহজ চিকিৎসা উদ্ভাবন করবেন।
গ্রামের লোকেদের পরামর্শে জোসেফের মা-বাবা ছেলেকে বাঁচানোর জন্য বিজ্ঞানী লুই পাস্তুরের কাছে নিয়ে যান। পাস্তুর তখন জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করলেও তা কেবল প্রাণীদের শরীরে পরীক্ষা করেছিলেন।
জোসেফের করুণ অবস্থা দেখে মা-বাবার অনুমতি নিয়ে পাস্তুর প্রথমবার কোনো মানবশিশুর শরীরে সেই টিকা প্রয়োগ করেন। পাস্তুরের নিবিড় পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যেই জোসেফ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বিজ্ঞানীর এই অভূতপূর্ব সাফল্যের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ।
এরপর মানুষের মন থেকে জলাতঙ্ক রোগের ভয় দূর হয়। এছাড়া তিনি দুধ ও দুগ্ধজাত খাবার অনেক দিন ভালো রাখার উপায় ও আবিষ্কার করেছিলেন। এটিকে পাস্তুরাইজেশন পদ্ধতি বলা হয়।
লুই পাস্তুর প্রশ্ন উত্তর Class 4 Bengali
১। নীচে দেওয়া প্রশ্নগুলোর শুদ্ধ উত্তর বেছে বের করে লেখো
(১) লুই পাস্তুর কী ধরনের মানুষ ছিলেন?
উত্তর: (গ) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ছিলেন ।
(২) 'সেই সময় এই ঘটনা ফ্রান্সবাসীর জন্য অবিশ্বাস্য ছিল'-এই বাক্যটিতে কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তর: (খ) পাস্তুরের চিকিৎসাতে জোসেফ বিপদ থেকে মুক্তি পাওয়ার ঘটনাটি।
২। নীচে দেওয়া শব্দের অর্থ মেলাও
| শব্দ | শব্দের সঠিক অর্থ |
|---|---|
| i) গবেষণা | কোনো তত্ত্ব নিরূপণের জন্য করা অন্বেষণ |
| ii) প্রতিষেধক টিকা |
সম্ভাব্য রোগ থেকে রক্ষা করার নিমিত্তে পূর্বে নেওয়া টিকা |
| iii) অন্ধবিশ্বাসী | বিবেচনা না করে বিশ্বাস করা |
| iv) কাতর | ব্যাকুল |
| v) প্রতিরোধ | বাধা প্রদান |
| vi) মারাত্মক | মেরে ফেলবার শক্তি থাকা |
| vii) হতবুদ্ধি | বিমূঢ় |
৩। নিম্নোক্ত প্রশ্নের উত্তর বলো ও লেখো
(ক) ডোলে নামক গ্রামটি কোন্ দেশে অবস্থিত?
উত্তর: ডোলে নামক গ্রামটি ফ্রান্স দেশে অবস্থিত।
(খ) পাস্তুর নিজের চিকিৎসা পদ্ধতি প্রথম কোথায় প্রয়োগ করেছিলেন?
উত্তর: লুই পাস্তুর তাঁর উদ্ভাবিত প্রতিষেধক টিকা প্রথমে কেবল প্রাণীদের শরীরে পরীক্ষা করেছিলেন । এরপর মানুষের মধ্যে সর্বপ্রথম জোসেফ নামের নয় বছর বয়সি এক বালকের শরীরে প্রয়োগ করেছিলেন।
(গ) পূর্বে কুকুর কামড়ালে মানুষকে কীভাবে চিকিৎসা করা হতো?
উত্তর: পূর্বে কুকুর কামড়ালে মানুষের শরীরের ক্ষতস্থানে আগুনে পোড়ানো উত্তপ্ত লোহা লাগিয়ে দেওয়া হতো।
(ঘ) জোসেফের সঙ্গে কী অঘটন হয়েছিল?
উত্তর: একদিন জোসেফ যখন আপন মনে গ্রামের পথে হেঁটে যাচ্ছিল, তখন মুখ থেকে ফেনা বের হতে থাকা একটি পাগল কুকুর হঠাৎ তার সামনে এসে পড়ে এবং তাকে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত করে দেয়।
(ঙ) জলাতঙ্ক রোগ সম্পর্কে মানুষের মনে যে ভয় ছিল তা কীভাবে দূরীভূত হয়েছিল?
উত্তর: বিজ্ঞানী লুই পাস্তুর দীর্ঘ গবেষণা করে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করেছিলেন। সেই টিকার সাহায্যে বালক জোসেফের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার মাধ্যমেই মানুষের মন থেকে জলাতঙ্ক রোগের ভয় দূরীভূত হয়েছিল।
৪। নীচে দেওয়া প্রশ্নের উত্তর আলোচনা করো এবং লেখো
(ক) কোন্ রোগকে মানুষ ঈশ্বরের অভিশাপ বলে ভেবেছিল?
উত্তর: পাগল কুকুরের কামড়ে হওয়া মারাত্মক জলাতঙ্ক রোগকে তখনকার মানুষ ঈশ্বরের অভিশাপ বলে ভেবেছিল।
(খ) যিনি এই কথা বিশ্বাস করতেন না, সেই বিজ্ঞানীর নাম কী ছিল?
উত্তর: যিনি এই অন্ধবিশ্বাসের কথা মেনে নেননি, সেই বিখ্যাত বিজ্ঞানীর নাম ছিল লুই পাস্তুর।
(গ) তিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য কী আবিষ্কার করেছিলেন?
উত্তর: তিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেছিলেন।
(ঘ) পূর্বে জলাতঙ্ক রোগের যন্ত্রণাদায়ক চিকিৎসা কীভাবে করা হতো?
উত্তর: পূর্বে কুকুরে কামড়ানো রোগীর ক্ষতস্থানে গরম বা উত্তপ্ত লোহা চেপে ধরে জলাতঙ্ক রোগের অত্যন্ত যন্ত্রণাদায়ক চিকিৎসা করা হতো।
৫। 'সেই সময় এই ঘটনা দেশবাসীর কাছে অভূতপূর্ব ও অবিশ্বাস্য ছিল।'
(ক) সেই অভূতপূর্ব ও অবিশ্বাস্য ঘটনাটি কী ছিল?
উত্তর: তখনকার দিনে পাগল কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগে মানুষের মৃত্যু নিশ্চিত বলে ধরা হতো। কিন্তু লুই পাস্তুরের আবিষ্কৃত প্রতিষেধক টিকার মাধ্যমে প্রথমবার জোসেফ নামের এক মানবশিশু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছিল। এই ঘটনাটিই দেশবাসীর কাছে অভূতপূর্ব ও অবিশ্বাস্য ছিল।
(খ) 'অভূতপূর্ব' ও 'অবিশ্বাস্য' শব্দ দুটির অর্থ লেখো:
- অভূতপূর্ব: যা পূর্বে কখনো ঘটেনি।
- অবিশ্বাস্য: যা সহজে বিশ্বাস করা যায় না।
৬। 'সাবধানের মার নেই।'- কথাটির অর্থ ব্যাখ্যা করো
উত্তর: 'সাবধানের মার নেই' প্রবাদটির অর্থ হলো আগে থেকে সতর্ক থাকলে যেকোনো বড়ো বিপদ ও ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। বর্তমানে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা পাওয়া গেলেও রাস্তার পাগল কুকুর, বিড়াল , অন্যান্য বন্যপ্রাণী থেকে আমাদের সবসময় সাবধান থাকা প্রয়োজন। যাতে প্রাণীগুলো কামড়ানোর সুযোগই না পায়।
ভাষা-অধ্যয়ন: লিঙ্গ ও বিপরীত শব্দ
৭। নীচে দেওয়া বাক্যগুলো থেকে পুরুষ, মহিলা এবং উভয়কে নির্দেশ করে এমন শব্দগুলো চিহ্নিত করে আলাদা করো:
- পুরুষ নির্দেশক শব্দ (পুংলিঙ্গ): ছেলেটি, পিতা এবং রাজা।
- মহিলা নির্দেশক শব্দ (স্ত্রীলিঙ্গ): মেয়েটি, মাতা এবং রানি।
- উভয়কে নির্দেশ করা শব্দ (উভয়লিঙ্গ): শিশুটি, সন্তান, সহপাঠী এবং আমরা।
৮। নীচের শব্দগুলির বিপরীত শব্দ মেলাও:
- আদর: অনাদর।
- বিচার: অবিচার।
- আগে — পরে।
- যুক্তি : কুযুক্তি।
জ্ঞান-সম্প্রসারণ, অভিধান ও প্রকল্পের কাজ
৯। নীচের জন্তুগুলোর মধ্যে কোন্ কোন্ জন্তুর কামড়ে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে চিহ্নিত করো।
উত্তর: পাঠ্যবইয়ের ছবিতে দেওয়া প্রাণীগুলোর মধ্যে কুকুর, বিড়াল, বাদুড় এবং বানর-এর কামড়ে বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে।১০। জলাতঙ্ক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী সাবধানতা অবলম্বন করা উচিত- দলবদ্ধ হয়ে আলোচনা করো:
- রাস্তায় পাগল কুকুর, বিড়াল ও বানরকে কখনো উত্ত্যক্ত করা যাবে না।
- বাড়িতে পোষা কুকুর , বিড়াল থাকলে পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলোকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধের টিকা দিয়ে রাখতে হবে।
- কুকুর, বিড়াল, শেয়াল বা বাদুড় কখনো কামড় দিলে সাথে সাথে ক্ষতস্থানটি পরিষ্কার জল ও সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
- কোনো রকম কুসংস্কারে বিশ্বাস না করে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে গিয়ে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা নিতে হবে।
১১। অভিধান থেকে শব্দের অর্থ বের করতে শিখি এসো (বর্ণানুক্রমিক সাজানো ও অর্থ):
উত্তর: প্রদত্ত শব্দগুলোকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ক্রম অনুসারে সাজিয়ে অর্থ লেখা হলো:
- অঘটন: দুর্ঘটনা
- অনুমতি: সম্মতি
- অনুরোধ: আবদার
- আদর: স্নেহ
- আধুনিক: বর্তমান কালের
- আশা: ভরসা
১২। প্রকল্প: অসমে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কাজ করে সুখ্যাতি অর্জন করেছেন, এরকম একজন ব্যক্তির জীবনী ও সংগ্রাম বিষয়ে লেখো:
উত্তর: পদ্মশ্রী বীরুবালা রাভা এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তাঁর সংগ্রাম:
অসমের গোয়ালপাড়া জেলার ঠাকুরভিলা গ্রামে ১৯৫৪ সালে বীরুবালা রাভা জন্মগ্রহণ করেন। সমাজের একটি মারাত্মক অন্ধবিশ্বাস ও কুসংস্কার হলো ডাইনি অপবাদ দিয়ে নিরীহ মানুষকে অত্যাচার করা।
একবার তাঁর নিজের অসুস্থ ছেলেকে গ্রামের কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষ অপদেবতার প্রভাব বলে ভুল বুঝিয়েছিল। কিন্তু বীরুবালা দেবী সেই অন্ধবিশ্বাস মেনে নেননি।
এরপর থেকেই তিনি অসমের গ্রামে গ্রামে ঘুরে অন্ধবিশ্বাস ও ডাইনি প্রথার বিরুদ্ধে মানুষের মনে বৈজ্ঞানিক সচেতনতা গড়ে তুলতে সংগ্রাম শুরু করেন। তিনি 'মিশন বীরুবালা' গঠন করে বহু অসহায় মানুষের প্রাণ রক্ষা করেছেন।
সমাজের কুসংস্কার দূর করার এই সাহসী কাজের জন্য ভারত সরকার তাঁকে সম্মানজনক 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত করেছে।
পাঠের অতিরিক্ত প্রশ্ন উত্তর (সহায়ক অংশ)
১। বিজ্ঞানী লুই পাস্তুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: বিজ্ঞানী লুই পাস্তুর ১৮২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৮৯৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
২। পাস্তুরাইজেশন কাকে বলে?
উত্তর: দুধ ও দুগ্ধজাতীয় খাদ্যসামগ্রীকে জীবাণুমুক্ত করে বহু দিন পর্যন্ত ভালো ও সংরক্ষণ করে রাখার জন্য বিজ্ঞানী লুই পাস্তুর যে বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, তাকে পাস্তুরাইজেশন বলে।
৩। জলাতঙ্ক রোগের এই নাম কেন হয়েছে এবং এটি কীভাবে ছড়ায়?
উত্তর: এই রোগে আক্রান্ত হলে রোগী যেকোনো জল দেখলেই ভীষণ আতঙ্ক বা ভয় অনুভব করে, তাই এর নাম জলাতঙ্ক। কুকুর, বিড়াল, বাদুড় বা শেয়ালের মতো প্রাণীর কামড়, আঁচড় ও মুখের লালা থেকে এই রোগ মানুষের শরীরে ছড়ায়।
আগের পাঠ: কী, কেন, কেমন করে? প্রশ্নোত্তর
পরের পাঠ: বন্যা প্রশ্নোত্তর
Class 4 Bengali লুই পাস্তুর পাঠে অন্ধবিশ্বাসের পরিবর্তে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মানবকল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন