সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চতুর্থ শ্রেণির পাঠ ৯ অসমের প্রাকৃতিক সম্পদ অনুশীলনী ও ক্রিয়াকলাপ সমাধান, পরিবেশ

সবুজ পাহাড়, নদীতে মাছ ধরার নৌকা, মহিষ ও অসমের গ্রাম্য প্রকৃতির দৃশ্য

আমাদের অসম পাহাড়, নদী, সবুজ বনাঞ্চল আর খনিজ ভাণ্ডারে ভরপুর। এই আর্টিকেলের মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির পরিবেশ পাঠ্যবইয়ের পাঠ ৯ অসমের প্রাকৃতিক সম্পদ-এর প্রশ্ন উত্তর ও ক্রিয়াকলাপ।

পাঠ ৯ অসমের প্রাকৃতিক সম্পদ: মূলভাব

প্রকৃতি থেকে পাওয়া পাহাড়, নদী, মাটি, বনজঙ্গল ও খনিজ পদার্থকে প্রাকৃতিক সম্পদ বলে। এগুলোকে মূলত বনজ, জলজ, খনিজ এবং কৃষিজাত—এই চারটি ভাগে ভাগ করা যায়।

অসমের বনে মূল্যবান কাঠ, ঔষধি গাছ, এক খড়্গযুক্ত গন্ডার ও নানা বিরল পাখি রয়েছে। অসমের নদী ও খালবিল মাছ, জলপরিবহন ও চাষের জলের প্রধান উৎস।

এছাড়া এখানকার মাটির নিচে প্রচুর কয়লা, চুনাপাথর ও অপরিশোধিত তেল পাওয়া যায়। অসমের উর্বর মাটিতে ধান, চা, পাটসহ নানা ফসল ও শাকসবজি প্রচুর পরিমাণে জন্মে।

পাঠ ৯ অসমের প্রাকৃতিক সম্পদ প্রশ্ন উত্তর : চতুর্থ শ্রেণি পরিবেশ

(১) নীচের প্রশ্নগুলোর সঠিক উত্তর অনুযায়ী কাছের বৃত্তটি পূরণ করো

(ক) নীচের কোন্ প্রকার খনিজ সম্পদকে অসমকে ‘তরল সোনার দেশ’ বলা হয়?
উত্তর: (i) অপরিশোধিত তেল।

(খ) মাছ, কচ্ছপ, কুমির, ডলফিন ইত্যাদি কোন্ ধরনের সম্পদের অন্তর্গত?
উত্তর: (iv) জলজ।

(২) উত্তরগুলি লেখো

(ক) অসমে অবস্থিত তিনটি প্রাকৃতিক জলাশয়ের নাম লেখো।
উত্তর: অসমে অবস্থিত তিনটি প্রাকৃতিক জলাশয় হলো শনবিল, দিপর বিল এবং চানডুবি বিল।

(খ) চুনাপাথর থেকে তৈরি দুটি বস্তুর নাম লেখো।
উত্তর: চুনাপাথর থেকে তৈরি দুটি বস্তু হলো সিমেন্ট এবং চক পেনসিল।

(গ) বর্ষাকালে অসমে উৎপাদিত চারটি সবজির নাম লেখো।
উত্তর: বর্ষাকালে অসমে উৎপাদিত চারটি সবজি হলো লাউ, ঝিঙে, চাল কুমড়ো এবং মিষ্টি কুমড়ো।

(ঘ) অসমের বনাঞ্চলে পাওয়া চারটি মূল্যবান উদ্ভিদের নাম লেখো।
উত্তর: অসমের বনাঞ্চলে পাওয়া চারটি মূল্যবান উদ্ভিদ হলো শাল, সেগুন, গামারি এবং শিশু।

(৩) শূন্যস্থান পূরণ করো

(ক) চুনাপাথর একটি খনিজ সম্পদ।

(খ) ব্রহ্মপুত্র এবং বরাক অসমের দুটি প্রধান নদী।

(গ) জল থেকে উৎপাদিত বিদ্যুৎকে জলবিদ্যুৎ বলা হয়।

(ঘ) ভূপৃষ্ঠের জলভাগের মতো ভূগর্ভস্থ জলও আমাদের সম্পদ।

(৪) সঠিক বাক্যটি ✓ এবং এর সাথে ভুল বাক্য ✕ চিহ্ন দিয়ে চিহ্নিত করো

(ক) কাঁঠালি চাঁপা, গামারি, সেগুন ইত্যাদি হলো জলজ উদ্ভিদ। — ভুল (✕)

(খ) অসমের ডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁওয়ে কয়লাখনি আছে। — ভুল (✕)

(গ) প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। — সঠিক (✓)

(ঘ) ধান, পাট, লাউ ইত্যাদি হলো বনজ সম্পদ। — ভুল (✕)

(ঙ) সাদা ডানাওয়ালা হাঁস হলো অসমের রাষ্ট্রীয় পাখি। — সঠিক (✓)

(৫) উত্তরটি লেখো

(ক) প্রাকৃতিক সম্পদ কাকে বলা হয়?
উত্তর: প্রকৃতি থেকে সরাসরি পাওয়া পাহাড়, নদী, মাটি, বনজঙ্গল, প্রাণী ও খনিজ পদার্থকে প্রাকৃতিক সম্পদ বলে। এগুলো থেকে আমরা খাদ্য, পোশাক ও আশ্রয়সহ জীবনের প্রয়োজনীয় জিনিস পাই।

(খ) অসমকে কেন ‘তরল সোনার রাজ্য’ বলা হয়?
উত্তর: অসমের মাটির নিচে প্রচুর পরিমাণে অপরিশোধিত খনিজ তেল পাওয়া যায়। অপরিশোধিত তেলের ক্ষেত্রে অসম ভারতের অন্যতম ধনী রাজ্য। এই মূল্যবান তেলের প্রাচুর্যের জন্যই অসমকে ‘তরল সোনার রাজ্য’ বলা হয়।

(৬) এই বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখো: কয়লা ও চুনাপাথর

কয়লা: কয়লা অসমের একটি প্রধান খনিজ সম্পদ। অসমের মাকুম, লিডু, মার্ঘেরিটা এবং জয়পুরে কয়লা পাওয়া যায়। কার্বি পাহাড়ের কয়লাজন ও শিলভেটা এলাকায় উচ্চমানের কয়লা মেলে। কয়লা মূলত কলকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

চুনাপাথর: চুনাপাথর অসমের আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। ডিমা হাসাও জেলার উমরাংশু এবং কার্বি আংলং জেলার কয়লাজন ও ডিলাই পাহাড়ে চুনাপাথর পাওয়া যায়। সিমেন্ট বা বিলতি মাটি তৈরিতে এটি লাগে। এছাড়া চক পেনসিল, টুথপেস্ট ও রং বানাতেও চুনাপাথর ব্যবহার করা হয়।

আসামের প্রাকৃতিক সম্পদ: ক্রিয়াকলাপ

এসো, লিখি: অন্যান্য প্রাকৃতিক সম্পদের নাম (পৃষ্ঠা ৭৫)

ওপরে উল্লিখিত সম্পদের পাশাপাশি তোমার জানা অন্যান্য সম্পদের নাম লেখো।
উত্তর: সূর্যের আলো, বাতাস, মাটির নিচের জল, প্রাকৃতিক গ্যাস এবং গৃহপালিত পশুপাখি।

ক্রিয়াকলাপ ১: আশেপাশে পাওয়া ঔষধি উদ্ভিদের তালিকা (পৃষ্ঠা ৭৬)

উত্তর: আমাদের আশেপাশে সহজেই পাওয়া যায় এমন কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম হলো:
  • তুলসী
  • নিম
  • বাসক
  • থানকুনি
  • ঘৃতকুমারী
  • আমলকী
  • অর্জুন
  • হরীতকী

প্রকল্প: অসমের বন্য প্রাণী ও পাখির ছবির অ্যালবাম তৈরি (পৃষ্ঠা ৭৬)

উত্তর: অসমের বন্য প্রাণী ও পাখির অ্যালবাম বানাতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারো:
  • পুরনো পত্রিকা, ম্যাগাজিন বা চার্ট থেকে অসমের প্রাণী ও পাখির ছবি সংগ্রহ করো।
  • প্রাণীর মধ্যে এক খড়্গযুক্ত গন্ডার, সোনালি বানর, হরিণ, চিতাবাঘ ও বন্য মহিষের ছবি নিতে পারো।
  • পাখির মধ্যে সাদা ডানাওয়ালা হাঁস, ধনেশ, ময়না, তোতা ও ময়ূরের ছবি বেছে নাও।
  • একটি পরিষ্কার খাতায় ছবিগুলো আঠা দিয়ে আটকে প্রতিটি ছবির নিচে তার নাম লেখো।

এসো, লিখি: পরিচিত জলচর প্রাণীর নাম (পৃষ্ঠা ৭৭)

তোমার পরিচিত কিছু জলচর প্রাণীর নাম লেখো।
উত্তর: রুই, কাতলা ও অন্যান্য মাছ, ডলফিন, কচ্ছপ, ব্যাঙ, কাঁকড়া, শামুক এবং চিংড়ি।

ক্রিয়াকলাপ ২: বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় জ্বালানির তালিকা (পৃষ্ঠা ৭৮)

গাড়ি, গ্যাসের চুলো ও কলকারখানার প্রয়োজনীয় জ্বালানি লেখার ফাঁকা ছক
উত্তর: তালিকায় দেওয়া কাজগুলো করার জন্য যে জ্বালানি লাগে, তা নিচে দেওয়া হলো:
  • গাড়ি ও যানবাহন চালানোর জন্য: পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস
  • গ্যাসের চুলো জ্বালানোর জন্য: রান্নার গ্যাস বা এলপিজি
  • কল-কারখানা চালানোর জন্য: কয়লা, ডিজেল, প্রাকৃতিক গ্যাস

ক্রিয়াকলাপ ৩: এলাকায় চাষ হওয়া ফসল, ফল ও শাকসবজির তালিকা (পৃষ্ঠা ৭৯)

উত্তর: আমাদের এলাকায় চাষ করা ফসল, ফল ও শাকসবজির তালিকা:
  • ফসল: ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, আখ
  • ফল: আনারস, পেয়ারা, লিচু, কলা, কমলা
  • পাতাযুক্ত সবজি: পালংশাক, লালশাক, পুঁইশাক, কলমিশাক, লাউশাক
  • অন্যান্য সবজি: আলু, লাউ, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, কুমড়ো

দলগত কার্যকলাপ: প্রাকৃতিক সম্পদের শ্রেণিবিভাগ (পৃষ্ঠা ৭৯)

চাষাবাদ, জঙ্গল, ভূগর্ভ ও জলের প্রাকৃতিক সম্পদ আলাদা করার অনুশীলনী ছক
উত্তর: বইয়ে দেওয়া প্রাকৃতিক সম্পদগুলোকে চারটি ভাগে সাজানো হলো:
  • চাষাবাদ থেকে ফসল তোলা: ধান, সর্ষে, নারকেল, চা পাতা, আনারস, আখ, পাট
  • জঙ্গলে পাওয়া যায়: গন্ডার, হাতি, সেগুন, বাঘ, কাঁঠালি চাঁপা, অজগর, বাঁশ-বেত, সাদা ডানাযুক্ত হাঁস
  • ভূ-গর্ভস্থ থেকে নিষ্কাশিত: কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, অপরিশোধিত তেল
  • জলের মধ্যে পাওয়া যায়: মাছ, কচ্ছপ, উদবেড়াল
মনে রাখবে: সাদা ডানাওয়ালা হাঁস বা বাদি হাঁস হলো অসমের রাষ্ট্রীয় পাখি এবং ডলফিন হলো অসমের রাষ্ট্রীয় জলজ প্রাণী। আর প্রকৃতি রক্ষায় মহান কাজের জন্য ‘ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া’ যাদব পায়েং ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কার পান।

পাঠের অতিরিক্ত প্রশ্ন উত্তর (সহায়ক অংশ)

১। অসমের সাতটি জাতীয় উদ্যানের নাম লেখো।
উত্তর: অসমের সাতটি জাতীয় উদ্যান হলো- কাজিরাঙা, মানস, ডিব্রু-শৈখোয়া, দিহিং পাটকাই, রাইমোনা, নামেরি এবং ওরাং জাতীয় উদ্যান।

২। অসমের কোথায় কোথায় তেল শোধনাগার রয়েছে?
উত্তর: অসমের ডিগবয়, নুনমাটি, চিরাং জেলার ঢালিগাঁও এবং গোলাঘাটের নুমলিগড়ে তেল শোধনাগার রয়েছে।

৩। অপরিশোধিত তেল পরিশোধন করে কী কী তৈরি করা হয়?
উত্তর: অপরিশোধিত তেল পরিশোধন করে পেট্রোল, ডিজেল, কেরোসিন, নেপথালিন ও মোম তৈরি করা হয়।

৪। ‘ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া’ নামে কে পরিচিত? তিনি কবে পদ্মশ্রী পুরস্কার পান?
উত্তর: যাদব পায়েং ‘ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া’ নামে পরিচিত।

প্রকৃতির সুরক্ষায় তাঁর মহান কাজের জন্য ভারত সরকার তাঁকে ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে।

আগের পাঠ: পাঠ ৮ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র প্রশ্নোত্তর

পরের পাঠ: পাঠ ১০ ব্রহ্মপুত্র থেকে বরাক পর্যন্ত প্রশ্নোত্তর

প্রাকৃতিক সম্পদ সীমাহীন নয়। রোজকার কাজে জল, গাছ আর জ্বালানি একটু ভেবেচিন্তে ব্যবহার করলেই আমাদের চারপাশের প্রকৃতি অনেক দিন ভালো থাকবে।

শেয়ার করুন:

মন্তব্যসমূহ