আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন গাছপালা, মাটি, পশুপাখি, জল, বাতাস সবকিছু মিলিয়ে আমাদের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। Class 5 Environment Chapter 1 "আমাদের পরিবেশ" এর অনুশীলনীর প্রশ্নোত্তর এবং পাঠের মূলভাব সহজ ভাষায় নীচে আলোচনা করব।
'আমাদের পরিবেশ' পাঠ ১: সহজ ভাষায় মূলভাব
পরিবেশে প্রধানত দুইটা উপাদান আছে। সেই দুইটি হলো— জৈবিক উপাদান (যেমন— উদ্ভিদ, প্রাণী) এবং অজৈবিক উপাদান (যেমন— বায়ু, মাটি, জল ইত্যাদি)।
পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা ধরনের গাছপালা ও প্রাণী দেখা যায়। যেমন— মরুভূমিতে উট আর ক্যাকটাস দেখা যায়, ঠিক তেমনি উত্তর মেরু অঞ্চলে সাদা ভাল্লুক এবং দক্ষিণ মেরু অঞ্চলে পেঙ্গুইন দেখা যায়।
মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী প্রকৃতির উপাদানগুলো যেমন— পাথর, বালি ইত্যাদি কাজে লাগিয়ে রাস্তা, সেতু বা নিজের বাড়িঘর তৈরি করে, যাকে মানবসৃষ্ট পরিবেশ বলা হয়। প্রকৃতি এবং মানবসৃষ্ট পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
অনুশীলনী এর প্রশ্ন ও উত্তর
১। উত্তর লেখো —
(ক) পরিবেশের জৈবিক উপাদানের নাম কী কী?
উত্তর: পরিবেশের কয়েকটি জৈবিক উপাদানের নাম হলো— গাছপালা (উদ্ভিদ), পশুপাখি, কীটপতঙ্গ এবং ছোট ছোট অণুজীব।
(খ) পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন?
উত্তর: পেঙ্গুইন পাখির শরীর ছোট ছোট পালকে ঢাকা থাকে এবং এদের ডানা দুটি ছোট হয়। ডানা ছোট হওয়ার কারণে এরা উড়তে পারে না, কিন্তু হাঁটতে ও সাঁতার কাটতে পারে।
(গ) জলাভূমি কাকে বলে?
উত্তর: যে স্থানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে জল জমা হয়ে থাকে, তাকে জলাভূমি বলা হয়।
(ঘ) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী?
উত্তর: পরিবেশের অজৈবিক উপাদান কয়েকটির নাম হলো— মাটি, জল, বায়ু (বাতাস) এবং সূর্যের আলো ইত্যাদি।
(ঙ) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর: মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী প্রকৃতির বিভিন্ন উপাদানকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস ও কাঠামো তৈরি করে যে পরিবেশ গড়ে তোলে, সেটিকে মানবসৃষ্ট পরিবেশ বলা হয়। যেমন— রাস্তাঘাট, বাড়িঘর, সেতু, স্কুল, অফিস-আদালত ইত্যাদি।
(চ) মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখো?
উত্তর: মরুভূমিতে বসবাসকারী ২টি প্রাণীর নাম হলো— উট এবং সাপ।
২। শূন্যস্থান পূরণ করো —
| শূন্যস্থান (প্রশ্ন) | শূন্যস্থানের সঠিক শব্দ |
|---|---|
| (ক) ___ মরুভূমির প্রধান প্রাণী। | উট |
| (খ) সাদা ভাল্লুক____ বাস করে। | মেরু |
| (গ) তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে ___ পাওয়া যায়। | ঘাস |
| (ঘ) মরুভূমিতে ____জাতীয় উদ্ভিদ হয়। | ক্যাকটাস |
| (ঙ) সূর্যের আলো পরিবেশের একটি ____ উপাদান। | অজৈবিক |
৩। নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো —
| প্রদত্ত বাক্য (বিকল্পসহ) | শুদ্ধ উত্তর |
|---|---|
| (ক) সাদা ভাল্লুক/হরিণ/জেব্রা মেরু অঞ্চলের প্রাণী। | সাদা ভাল্লুক মেরু অঞ্চলের প্রাণী। |
| (খ) সিল/বুনো হরিণ/চমরী গোরু বা ইয়াক এর শাখা-প্রশাখাযুক্ত শিং থাকে। | বুনো হরিণের শাখা-প্রশাখাযুক্ত শিং থাকে। |
| (গ) জিরাফ/সিংহ/বাঘ তৃণভোজী প্রাণী। | জিরাফ তৃণভোজী প্রাণী। |
৪। সংক্ষিপ্ত টীকা লেখো (ছোট করে লেখো) —
জলাভূমি:
যে জায়গায় স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে জল জমা হয়ে থাকে, সেই স্থানকে জলাভূমি বলা হয়। এখানে ব্যাঙ, কাঁকড়া, মাছরাঙা, বক ইত্যাদি নানা প্রকার প্রাণী থাকে। আর জলে ভাসে এমন কচুরিপানা বা কলমি শাকও এখানে জন্মায়।
অণুজীব:
আমাদের চারপাশে এমন কিছু ছোট ছোট জীব আছে, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এদেরকেই অণুজীব বলা হয়। যেমন— ব্যাকটেরিয়া।
জল ও বায়ু:
জল এবং বায়ু (বাতাস) আমাদের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয় দুটি উপাদান। এগুলো হলো পরিবেশের অজৈবিক (প্রাণহীন) উপাদান। জল আমরা পান করি এবং বাতাসের অক্সিজেন আমাদের শ্বাসকার্যের জন্য খুবই প্রয়োজনীয়। তাই এই দুটি উপাদান আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫। একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করো।
উত্তর: এখানে তোমরা খাতার মধ্যে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকে নাও। আঁকতে পারো এরকম— একটা নদী, নদীর পাশে কিছু গাছপালা, আকাশে উড়ে যাওয়া পাখি, দূরে পাহাড় ইত্যাদি। তারপর সুন্দর করে রং পেন্সিল দিয়ে রং করে নাও।
শেষের কথা: পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর জীবের বেঁচে থাকা নির্ভর করে। তাই আমাদের পরিবেশকে সংরক্ষণ করা খুবই জরুরি। পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঠ ১ "আমাদের পরিবেশ" এর সহজ প্রশ্নোত্তরগুলো তোমাদের পড়াশোনায় খুব কাজে আসবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন